মিলন আহাম্মেদ দিনাজপুর সদর প্রতিনিধি


 

দিনাজপুর শহরের লালবাগ এলাকায় যৌথ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

 

 

 

মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে শহরের লালবাগ গোরস্থানের পাশে অবস্থিত একটি আমবাগানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জারিফ সুলতান।

 

 

 

 

সাজাপ্রাপ্তরা হলেন মোঃ সেলিম (৪৮), আনোয়ার হোসেন (৫২), মনুয়ার (২৮), আতিয়ার (৩৫) ও রিহাদ (২৭)।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে নগদ ১০,২৮৫ টাকা, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন মোবাইল জব্দ করা হয়।

 

স্থানীয়দের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে শহরের লালবাগ এলাকার ওই আমবাগানে প্রকাশ্যে জুয়ার আসর বসছিল। এতে এলাকার পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছিল এবং যুবসমাজ জড়িয়ে পড়ছিল এই অপকর্মে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবারের এই অভিযান পরিচালনা করা হয়।

 

এ বিষয়ে জানতে চাইলে অভিযানের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জারিফ সুলতান বলেন, “জনসাধারণের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। লালবাগের আমবাগানে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে এলাকাবাসীর মধ্যে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

 

 

 

 

স্থানীয় এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকলে সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড কমে আসবে এবং তরুণ সমাজ সঠিক পথে ফিরে আসবে বলে আশা করা যায়।