মোঃ আনিছুল ইসলাম রাজিব লালমনিরহাট প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, “শেখ মুজিব যেমন পালিয়ে গিয়েছিলেন, আজ শেখ হাসিনাও দেশ ছেড়ে পালিয়েছেন। আওয়ামী লীগের পুরো ইতিহাসই আসলে পালানোর ইতিহাস।”
তিনি আরও দাবি করেন, “অন্যদিকে বিএনপির জন্মই হয়েছে সংগ্রাম ও লড়াইয়ের মাধ্যমে। বাংলাদেশের প্রকৃত ইতিহাসই হচ্ছে বিএনপির ইতিহাস।”

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব মন্তব্য করেন।
বিএনপির এই নেতা বলেন, “যখন জাতি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল, তখন আওয়ামী লীগের তৎকালীন প্রধান শেখ মুজিব পাকিস্তান সেনাদের কাছে আত্মসমর্পণ করেন। অথচ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে সারা দেশে মুক্তিকামী মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিলেন। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নিয়েই দেশ স্বাধীন হয়েছিল। তাই জিয়াউর রহমানই প্রকৃত অর্থে স্বাধীনতার ঘোষক।”

পলাতক সবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে দুলু আরও বলেন, “যে মা সন্তানকে ছেড়ে পালিয়ে যায়, তাকে কখনও সুমাতা বলা যায় না। আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বও প্রমাণ করেছে—তারা জনগণকে ত্যাগ করে দেশ থেকে পালিয়েছে।”
প্রধান অতিথির বক্তব্যে দুলু আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সব সময় জনগণকে বিভ্রান্ত করেছে এবং দেশের ইতিহাস বিকৃত করেছে। তার ভাষায়, “অন্যদিকে বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত দিয়ে লড়েছে। গত ১৭ বছর ধরে বিএনপির অসংখ্য নেতাকর্মী আত্মত্যাগ করে আসছে। বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল সাত্তার। এসময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হকসহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জেলা স্বেচ্ছাসেবক দল একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে শহরের প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাপ্তি হয়।