নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম, ২৯ আগস্টঃ দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের নিউ মুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) পরিচালনার ইতিহাসে এক দিনে সর্বোচ্চ রেকর্ড পরিমান কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন ইতিহাস গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড । গত ২৮ আগস্ট ২০২৫ সকাল ০৮০০ ঘটিকা থেকে ২৯ আগস্ট ২০২৫ সকাল ০৮০০ ঘটিকা পর্যন্ত ২৪ ঘন্টায় মোট হ্যান্ডলিং ৫০০০ (পাঁচ হাজার) টিইইউএস ছাড়িয়েছে।
এর মধ্যে ইমপোর্ট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ২১০১ টিইইউস ও এক্সপোর্ট ২৯১৮ টিইইউস। সর্বমোট এক দিনে ৫০১৯ টিইইউস হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)
গত ০৭ জুলাই ২০২৫ তারিখ থেকে সিডিডিএল চট্টগ্রাম বন্দরের এনসিটি-২, ৩, ৪ ও ৫ নং বার্থের অপারেটরের দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কন্টেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
সিডিডিএল এর কর্মকর্তা ও সদস্যগণ জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, এপ্রাইজমেন্ট পয়েন্ট, সিএন্ডএফ শেডসহ গেটসমূহে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় পূর্বের তুলনায় কন্টেইনার হ্যান্ডেলিং ত্বরান্বিত হয়েছে। পূর্বে বিভিন্ন সময় সৃষ্ট জটিলতাসমূহ নিরসনে সিডিডিএল এর অধীনস্থ কর্মকর্তা ও সদস্যগণ অত্যাধিক দক্ষ ভূমিকা পালন করেছেন। চলতি মাসে ০১ আগস্ট ২০২৫ থেকে ২৮ আগস্ট ২০২৫ পর্যন্ত সিডিডিএল এর পরিচালনায় এনসিটি-২, ৩, ৪ ও ৫ নং বার্থে সর্বমোট ১,০৯,২১৭ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, অর্থাৎ প্রতিদিন গড় হ্যান্ডলিং ৩৯০৩ টিইইউএস, যা পূর্বের তুলনায় ৪০% এর বেশি। এটি বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং এর ইতিহাসে একটি মাইলফলক।
গত ২৬ আগস্ট কন্টেইনার হ্যান্ডলিং নিয়ে একটি এনালাইসিস করা হয়। ০৭ জুলাই সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার পর থেকে ২৫ আগস্ট পর্যন্ত ৪৯ দিনে মোট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ১,৭৪,৯৩১ টিইইউস। সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার আগে পূর্বের অপারেটরের ৪৯ দিনের (১৯ মে থেকে ০৬ জুলাই) মোট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ১,১৯,২৭৬ টিইইউএস। অর্থাৎ সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার পর ৪৯ দিনে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে ৪৬.৬৬%।
বন্দরের সার্বিক কার্যক্রমকে বেগবান করতে অধিক কন্টেইনার হ্যান্ডলিং এর কোনো বিকল্প নেই। সিডিডিএল বন্দরের অপারেটর হিসেবে অপারেটিং এর একটি চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যৎ অপারেটরদের কাছে এটি একটি মাইলফলক হয়ে থাকবে।
চট্টগ্রাম ড্রাই ডকের এ কার্যকর ভূমিকা দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরো গতিশীল করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া, এনসিটির কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে সুশৃঙ্খল ও দক্ষ ব্যবস্থাপনা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতেও সহায়ক হবে।