প্রতিকী ছবি
কুষ্টিয়া
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ব্রিজের রেলিং ভেঙে একটি ট্রাক কুমার নদে পড়ে দুইজন নিহত হয়েছেন। শনিবার (রাত ১টা) ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যশোর থেকে ডাল বোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রাত আনুমানিক ১টার দিকে বড়দাহ পুরাতন ব্রিজে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচে কুমার নদে পড়ে যায়।
খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর ভোরে ট্রাকের সহকারী মুবারক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সকাল ৮টার দিকে ট্রাকচালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুজনের বাড়ি পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামে বলে জানা গেছে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।