কুষ্টিয়া
ওয়াজ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে আরাফাত রহমান কোকো’র নাম বিকৃত করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে কয়েশত নারী। আজ সকাল ১১ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় এই ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বটতৈল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় অংশগ্রহণকারীরা কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা অভিযোগ করেন, একটি ওয়াজ মাহফিলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রয়াত আরাফাত রহমান কোকো’র নাম বিকৃত করে বক্তব্য দেওয়া হয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচার ও ধর্মীয় মাহফিলের পরিবেশের পরিপন্থী।
বিক্ষোভকারীরা বলেন, ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য ও ব্যক্তিগত আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে অভিযুক্ত মুফতি আমির হামজার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।