কুষ্টিয়া
কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের সঙ্গে মিরপুর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মিরপুর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শুরুতে সংসদ সদস্যের সঙ্গে কর্মকর্তাদের পরিচিতি পর্ব সম্পন্ন হয়। এরপর প্রতিটি দপ্তরের চলমান কার্যক্রম, সেবাপ্রদানের সুবিধা-অসুবিধা, জনবল সংকট, অবকাঠামোগত সমস্যা এবং উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংসদ সদস্য আব্দুল গফুর বলেন, সরকারি সেবার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা। তাই সকল দপ্তরের কার্যক্রম যেন স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হয় এবং সরকারি সুযোগ-সুবিধা যথাযথভাবে মানুষের মাঝে বণ্টন করা হয় সে বিষয়ে তিনি বিশেষ নির্দেশনা প্রদান করেন।
সভায় মিরপুর উপজেলায় তামাক চাষ কমানোর বিষয়েও গুরুত্বসহকারে আলোচনা হয়। তামাক চাষের পরিবর্তে বিকল্প লাভজনক ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং এ বিষয়ে কার্যকর আইন ও নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন কর্মকর্তাগণ। এমপি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।
এছাড়া তরুণ সমাজকে মোটরবাইককেন্দ্রিক বেপরোয়া চলাচল, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে দূরে রাখতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন।
সভা শেষে সংসদ সদস্য উপজেলার বিভিন্ন দপ্তরের সমস্যাবলী ও উত্তরণের করণীয় বিষয়ে লিখিত প্রতিবেদন তাঁর কাছে জমা দেওয়ার আহ্বান জানান, যাতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করা সম্ভব হয়।
সভাটি সার্বিকভাবে অংশগ্রহণমূলক ও ফলপ্রসূ পরিবেশে সম্পন্ন।