কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ও গণমানুষের নেতা মরহুম আলহাজ্ব আব্দুল হকের মৃত্যুবার্ষিকী আজ। এই দিনে তিনি পৃথিবীর সকল মায়া ত্যাগ করে অসংখ্য শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও স্বজনদের শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমান।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে নিজেকে নিবেদিত রেখেছিলেন। দলের দুঃসময়ে তিনি ছিলেন সাহসী ও আপসহীন নেতৃত্বের প্রতীক। রাজনৈতিক সংগ্রামের পথে তিনি এবং তার পরিবার নানা সময়ে নির্যাতন, হয়রানি ও প্রতিকূলতার মুখোমুখি হলেও আদর্শ থেকে বিচ্যুত হননি।

মরহুম আলহাজ্ব আব্দুল হক ছিলেন একজন সৎ, মানবিক ও জনদরদী নেতা। এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং রাজনৈতিক সহনশীলতার জন্য তিনি আজও স্মরণীয় হয়ে আছেন। তার মৃত্যুতে মিরপুরের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা আজও পূরণ হয়নি বলে মনে করেন তার সহযোদ্ধারা।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে তারা দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন, যেন মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

মানুষ চলে যায়, কিন্তু তার আদর্শ ও কর্ম মানুষের হৃদয়ে বেঁচে থাকে। আলহাজ্ব আব্দুল হক তেমনই একজন নেতা, যাকে মিরপুরবাসী শ্রদ্ধাভরে স্মরণ করবে বহুদিন।