কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

 

 

শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটে, বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস-সংলগ্ন এলাকা দিয়ে প্রতিপক্ষ ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা ৮ জন অজ্ঞাত ব্যক্তিকে (২ জন পুরুষ, ৪ জন নারী ও ২ জন ট্রান্সজেন্ডার) নদীপথে সাঁতরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।

 

বিজিবির টহলদল তাৎক্ষণিকভাবে বিষয়টি শনাক্ত করে এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে ওই ব্যক্তিরা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। ফলে বিএসএফের অবৈধ পুশইনের অপচেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের অপচেষ্টা প্রতিরোধে তারা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।