কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর থেকে ১২ টন খোলা চিনি ভর্তি একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় চিনির মালিকসহ চারজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চিনিগুলো গলে গলে ট্রাকের নিচ দিয়ে রাস্তায় পড়ছিল। সকালে বিষয়টি দেখে স্থানীয় লোকজন ট্রাকটি আটকে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি বলেন, ট্রাকে প্রায় ১২ টন চিনি ছিল। ধারণা করা হচ্ছে, চুয়াডাঙ্গার দর্শনা থেকে চিনিগুলো কুষ্টিয়ার খাজানগরে আনা হচ্ছিল।
পুলিশ জানায়, আগের দিন শুক্রবার রাতে আরও দুই ট্রাক চিনি খাজানগরে প্রবেশ করেছে বলে অভিযোগ রয়েছে। ওই দুই ট্রাকের সন্ধানে অভিযান চালানো হচ্ছে। তিন ট্রাক চিনি কেন এবং কার কাছে নেওয়া হচ্ছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
ঘটনাস্থলে থাকা কয়েকজন জানান, রাজধানী এন্টারপ্রাইজের সামনে চিনিভর্তি ট্রাকটি থামানো হয়। সেখানে ট্রাক থেকে চিনি নামানোর প্রস্তুতি চলছিল। এ সময় গলে গলে চিনি রাস্তায় পড়তে থাকে। বিষয়টি দেখে স্থানীয় কয়েকজন হাঁড়ি-পাতিল নিয়ে গলে যাওয়া চিনি সংগ্রহের চেষ্টা করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ট্রাকটি জব্দ ও চারজনকে আটক করে।
তবে এ ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন রাজধানী এন্টারপ্রাইজের মালিক মুস্তাফিজুর রহমান বাবু। তিনি বলেন, চিনিগুলো তার মিলের পাশে কামাল নামে একজনের গোডাউনে নামানোর পরিকল্পনা ছিল। এ বিষয়ে তিনি কিছু জানেন না। বিএনপি নেতা মজনুসহ কয়েকজন ট্রাকটি আটক করেছেন। তারা কেন ট্রাকটি আটক করেছেন, তা তারাই ভালো বলতে পারবেন।
পুলিশ জানিয়েছে, বাকি দুই ট্রাকের সন্ধান এবং চিনিগুলো কার উদ্দেশ্যে আনা হয়েছিল, তা জানতে তদন্ত ও অভিযান চলছে।