কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, অপপ্রচার, প্রকাশ্য হুমকি ও উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে হোটেল নিকেতনে হেযবুত তওহীদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এ মিট দ্য প্রেস-এর আয়োজন করা হয়। মিট দ্য প্রেস-এ হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম মূল বক্তব্য উপস্থাপন করেন।
তিনি অপপ্রচারকারীদের দ্রুত আইনের আওতায় এনে হেযবুত তওহীদের সদস্যদের সাংবিধানিক অধিকার, মানবাধিকার এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। ইমাম সেলিম অভিযোগ করে বলেন, একশ্রেণির উগ্রবাদী ধর্মব্যবসায়ী গোষ্ঠী ওয়াজ-মাহফিল, মসজিদের মিম্বর এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যাচার ও গুজব ছড়াচ্ছে। সম্প্রতি নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চলের বিভিন্ন মসজিদে উসকানিমূলক বয়ান ও লিফলেট বিতরণ করা হচ্ছে।এমনকি ঢাকার উত্তরায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিগত ৩১ বছরে পাঁচ শতাধিক মামলায় আদালতে বেকসুর খালাস পাওয়া হেযবুত তওহীদ কখনো আইন অমান্য করেনি। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমানে যেভাবে উসকানি দেওয়া হচ্ছে তাতে সংগঠনের সদস্যদের জানমাল ও সম্পদের জন্য গুরুতর হুমকি তৈরি হচ্ছে। অতীতে ২০১৬ সালে এমামুজ্জামানের গ্রামের বাড়িতে হামলা চালিয়ে দুইজন সদস্যকে হত্যা, অগ্নিসংযোগ ও ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটানো হয়েছিল; বর্তমানে আবারও সেই ধরনের পরিবেশ তৈরি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
এসময় হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ, কুষ্টিয়ার আঞ্চলিক সভাপতি জসেব উদ্দিন, খুলনা অঞ্চলের আঞ্চলিক সভাপতি শামসুজ্জামান মিলন, কেন্দ্রীয় বাণিজ্য সম্পাদক কাজী জাহিদুল হক, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আইনুল হক, কুষ্টিয়া জেলা সভাপতি আক্কাচ আলী এবং খুলনা বিভাগীয় গণমাধ্যম সম্পাদক জাহিদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।