বি.এম. সাদ্দাম হোসেন, স্টাফ রিপোর্টারঃ
শিক্ষাব্যবস্থার জাতীয়করণ, শিক্ষকদের নিঃশর্ত বদলি, অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদানসহ সাত দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় শিক্ষক ফোরাম মাগুরা জেলা শাখা।

শনিবার (২ আগস্ট) সকাল ১১টায় মাগুরা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উত্থাপিত ৭ দফা দাবি:
১. শিক্ষাব্যবস্থার জাতীয়করণ:
শিক্ষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ বাস্তবায়নের মাধ্যমে বেসরকারি শিক্ষকদের চাকরি ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

২. নিঃশর্ত বদলি ব্যবস্থা চালু:
বর্তমান বদলির প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ—এই ব্যবস্থা সহজ ও স্বচ্ছ করার দাবি ওঠে।
৩. অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদান:
শিক্ষকরা অভিযোগ করেন, অবসরের পর দীর্ঘদিন অপেক্ষা করেও অনেকে ভাতা পান না। তাই নির্ধারিত সময়ের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা প্রদানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
৪. বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিতকরণ:
সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও সমান সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
৫. ধর্মশিক্ষা অন্তর্ভুক্তকরণ:
স্কুল ও কলেজ পর্যায়ে ইসলাম ও অন্যান্য ধর্মীয় শিক্ষাকে আরও গুরুত্ব দিয়ে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার দাবি করা হয়।
৬. কওমি সনদের স্বীকৃতি ও সরকারি চাকুরিতে অন্তর্ভুক্তি:
কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতিকে আরও বিস্তৃত করে সরকারি চাকরিতে সুযোগ প্রদানের আহ্বান জানানো হয়।
৭. শিক্ষা সংস্কার কমিশন গঠন:
যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের লক্ষ্যে একটি স্বতন্ত্র ‘শিক্ষা সংস্কার কমিশন’ গঠনের দাবি ওঠে মানববন্ধনে।
মানববন্ধনে বক্তব্য রাখেন–
মো. আবু সাঈদ, সভাপতি, জাতীয় শিক্ষক ফোরাম, মাগুরা জেলা শাখা
মাওলানা কাওসার আহমাদ, সাধারণ সম্পাদক-
শিক্ষক নেতা আব্দুল লতিফ, আবু রায়হান, রুকনুজ্জামান প্রমুখ–
বক্তারা বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর। অথচ আজ তাদের ন্যায্য অধিকার নিয়ে আন্দোলন করতে হচ্ছে। এই অবস্থা চলতে পারে না।”