রাশেদ রাসু, লোহাগড়া


 

নড়াইলের লোহাগড়ায় প্রথমবারের মতো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উদযাপন করেছে বিএনপি। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের স্মৃতিবিজড়িত এ দিনটিকে স্মরণ করে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বিজয় র‍্যালি ও সমাবেশসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

 

 

 

 

 

দুপুর ১২টায় লোহাগড়া সি অ্যান্ড বি চৌরাস্তা থেকে একটি বিজয় র‍্যালি বের হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরিফ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

 

এছাড়া সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান সান্টু, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, মহিলা দলের নেতাকর্মীরা।

 

 

 

 

বক্তারা বলেন, “গত বছরের ৫ আগস্ট ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন। ছাত্র-জনতার অভ্যুত্থানে একদলীয় শাসনের অবসান ঘটিয়ে নতুন গণতান্ত্রিক যাত্রার সূচনা হয়েছিল।”
তাঁরা দিনটিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান এবং দেশের জনগণের অধিকার রক্ষায় বিএনপির আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।