বি.এম. সাদ্দাম হোসেন, স্টাফ রিপোর্টারঃ


 

প্রাকৃতিক সৌন্দর্যের টানে কুয়াকাটায় ভ্রমণে এসে মর্মান্তিক মৃত্যু হলো মাগুরার এক কিশোরের। কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে তলিয়ে গিয়ে প্রাণ হারায় সামাদ সিদ্দিকী পারভেজ (১৭)। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

 

 

 

 

ঘটনাটি ঘটে বুধবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে। নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর, দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

পারভেজ মাগুরা সদর উপজেলার হাজিপুর পশ্চিবাড়ীয়ালা গ্রামের বাসিন্দা আলীউল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বন্ধুদের সঙ্গে কুয়াকাটা ঘুরতে আসে পারভেজ। তাদের দলে মোট ৭ জন ছিল।

 

 

 

 

বুধবার (৬ আগস্ট) সকালে জিরো পয়েন্টে গোসল করতে নামে পারভেজ ও তার বন্ধু সেলিম রেজা। হঠাৎ প্রবল স্রোতের মুখে পড়ে পানিতে তলিয়ে যায় পারভেজ। তাৎক্ষণিকভাবে বন্ধুরা উদ্ধার চেষ্টা করলেও ব্যর্থ হয়।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি বিশেষ উদ্ধারকারী দল অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায়, দুপুর আড়াইটায় সেই একই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

ঘটনাটি নিশ্চিত করে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রতিদিনের খবর কে বলেন, “ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। দুঃখজনকভাবে আমরা পারভেজকে জীবিত উদ্ধার করতে পারিনি।”

 

এই দুর্ঘটনা কুয়াকাটায় ভ্রমণরত পর্যটকদের জন্য এক হৃদয়বিদারক বার্তা হিসেবে দেখা দিয়েছে। সমুদ্রের উত্তাল ঢেউ সম্পর্কে পর্যটকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

 

 

 

 

পারভেজের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের পরিবার ও বন্ধুদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

সতর্কতা জরুরি:
কুয়াকাটা সমুদ্র সৈকতে ঢেউ অত্যন্ত প্রবল থাকে, বিশেষ করে জোয়ারের সময়। পর্যটকদের সতর্কতার সঙ্গে সমুদ্রে নামার পরামর্শ দিয়েছে প্রশাসন।