দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ২৩ নভেম্বর, ২০২৬, ০৪:০৮ পিএম
লিবিয়ার উপকূলে রুশ জাহাজে ড্রোন হামলা, তদন্ত চায় জাতিসংঘ
লিবিয়ার উপকূলে রাশিয়ার একটি জাহাজসহ দুটি জাহাজে ড্রোন হামলার ঘটনায় স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। হামলায় জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই এ হামলার দায় স্বীকার করেনি। হামলার পর জাহাজ দুটির সব নাবিককে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন সামান্য আহত হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) বন্দরনগরী বেনগাজির উপকূলে এ হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শিকার দুটি জাহাজের একটি রাশিয়ার এবং অন্যটি মাল্টার পতাকাবাহী।
লিবিয়ায় জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএসএমআইএল) এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে অবিলম্বে স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জাতিসংঘ মিশন বলেছে, লিবিয়া বিদেশি সংঘাতের রণক্ষেত্রে পরিণত হওয়ার মতো অবস্থায় নেই। দেশটিকে কোনোভাবেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে দেওয়া উচিত নয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলায় রাশিয়ার একটি জাহাজ এবং মাল্টার পতাকাবাহী আরেকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর দুই জাহাজের সব নাবিককে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে কয়েকজন সামান্য আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
লিবিয়ার আল-হাদাথ টেলিভিশন জানিয়েছে, বেনগাজির উপকূলে নৌবাহিনী ও বিমানবাহিনীর ইউনিটগুলো বিস্ফোরকবোঝাই ১২টির বেশি সামুদ্রিক ড্রোন প্রতিহত করেছে। তবে রোববারের হামলার জন্য কারা দায়ী, তা জানায়নি লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন। তারা বলেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লিবিয়া কোনো পক্ষ নয়।
এর আগে শনিবার বাল্টিক সাগরের পূর্বাঞ্চলে ফিনল্যান্ডের জলসীমার কাছাকাছি রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটে। ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, ওই হামলা ইউক্রেন চালিয়েছে।
লিবিয়ার উপকূলে হামলার বিষয়ে দেশটির পূর্বাঞ্চলীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্তে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করবে তারা। অন্যদিকে, রাজধানী ত্রিপোলিভিত্তিক জাতিসংঘ-স্বীকৃত সরকার এক বিবৃতিতে বলেছে, বাইরের সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ডে বেসামরিক বন্দর ও স্থাপনাকে জড়িয়ে ফেলার ঝুঁকি নিয়ে তারা উদ্বিগ্ন।
এর আগে গত মার্চে লিবিয়ার উপকূলে রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী একটি জাহাজ ডুবে যায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছিলেন, হামলার কারণে জাহাজটি ডুবেছে। এ ঘটনার জন্য তিনি ইউক্রেনকে দায়ী করেন।
জাহাজটি রাশিয়ার কথিত ‘শ্যাডো ফ্লিট’ বা গোপন নৌবহরের অংশ ছিল। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে বিভিন্ন দেশে রাশিয়ার তেল ও গ্যাস পরিবহনে এ বহরের ট্যাংকারগুলো ব্যবহৃত হয়। ইউক্রেন বিভিন্ন সময়ে রাশিয়ার এই গোপন নৌবহরের জাহাজে হামলার কথা স্বীকার করেছে। গত বছরের ডিসেম্বরে ভূমধ্যসাগরেও এ ধরনের হামলা চালানোর কথা জানিয়েছিল কিয়েভ।
লিবিয়ার ত্রিপোলিভিত্তিক সরকার বলেছে, দেশটিকে আন্তর্জাতিক সংঘাতের ক্ষেত্র হিসেবে ব্যবহার করার যেকোনো প্রচেষ্টা তারা প্রত্যাখ্যান করে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে—এমন সামরিক বা রসদ সরবরাহসংক্রান্ত কর্মকাণ্ডে লিবিয়ার ভূখণ্ড ব্যবহারের বিরোধিতা করে তারা।
২০১১ সালে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া সহিংসতা ও রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে রয়েছে। বর্তমানে দেশটি কার্যত দুই ভাগে বিভক্ত। একদিকে প্রধানমন্ত্রী আবদুল হামিদ দাবেইবার নেতৃত্বাধীন ত্রিপোলিভিত্তিক সরকার, অন্যদিকে সামরিক কমান্ডার খলিফা হাফতারের সমর্থনপুষ্ট পূর্বাঞ্চলীয় প্রতিদ্বন্দ্বী প্রশাসন।
এদিকে, রোববার দিনের শুরুতে আল-মাসার টেলিভিশন স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর বরাতে জানায়, বিস্ফোরণের খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনতে একটি সামরিক স্থাপনায় উদ্ধার ও জরুরি সেবার দল মোতায়েন করা হয়েছে। পরে আল-হাদাথ টেলিভিশন জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
সূত্রঃ বিএসএস নিউজ
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
এখন থেকে ডায়াল করলেই কি মিলবে টেলিটক ব্যালেন্স? জেনে নিন বিস্তারিত
দেশের গ্রিডে দ্বিতীয়বারের মতো যুক্ত হচ্ছে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ
হাওর-চর-পাহাড়েও মিলবে দ্রুতগতির ইন্টারনেট, যেসব প্রকল্প হাতে নিয়েছে সরকার
কল ড্রপ ও ইন্টারনেট সমস্যা নিয়ে ঘরে বসেই BTRC-তে অভিযোগ জানান
এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল যাবে মোবাইলে, জানাল শিক্ষা বোর্ড
লিবিয়ার উপকূলে রুশ জাহাজে ড্রোন হামলা, তদন্ত চায় জাতিসংঘ
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
লিবিয়ার উপকূলে রুশ জাহাজে ড্রোন হামলা, তদন্ত চায় জাতিসংঘ
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে