দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ এএম
হেলাল খানের আচরণে ক্ষুব্ধ জয় চৌধুরী
চিত্রনায়ক হেলাল খানের বিরুদ্ধে শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন চিত্রনায়ক জয় চৌধুরী। তিনি বলেছেন, বহিরাগত লোকজন নিয়ে এসে শিল্পীদের অপমান করার অধিকার কারও নেই। এ ঘটনায় হেলাল খানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) কয়েকজন শিল্পীর সঙ্গে হেলাল খানের বাগ্বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পর চলচ্চিত্র অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই তাঁর আচরণের সমালোচনা করেন।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিএফডিসির প্রধান ফটকের সামনে একটি মানববন্ধনের আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে বিভিন্ন চলচ্চিত্র সংগঠনের নেতা-কর্মী ও শিল্পীরা অংশ নেন। তবে বিএফডিসিতে উপস্থিত থাকলেও কর্মসূচিতে যোগ দেননি চিত্রনায়ক জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য।
এ ঘটনায় জাসাসের আহ্বায়ক হেলাল খান তাঁদের ওপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জয় চৌধুরী বলেন, সেদিন হেলাল খানের আচরণের কারণ তিনি বুঝতে পারেননি। তাঁর অভিযোগ, হেলাল খান প্রায় ১০০ জন বহিরাগতকে নিয়ে এসে শিল্পীদের গালিগালাজ করেছেন এবং তাঁদের ‘বাস্টার্ড’ বলেছেন।
জয় বলেন, হেলাল খান এখন নিজের আচরণকে নির্দোষ প্রমাণ করতে নানা ধরনের কথা বলছেন। কিন্তু তাঁর মতে, কোনো শিল্পী বা সংগঠনের সদস্যদের এভাবে অপমান করার অধিকার কারও নেই।
হেলাল খানের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে খারাপ আচরণ ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন জয়। তিনি বলেন, হেলাল খান তাঁর সঙ্গে অহেতুক দুর্ব্যবহার করেছেন। তিনি হেলাল খানকে গুরুজন হিসেবে সম্মান করেন। তবে বহিরাগত লোকজন নিয়ে এসে তাঁর সংগঠনের সদস্যদের গালিগালাজ করা কিংবা মারধরের হুমকি দেওয়া মেনে নেওয়া যায় না।
শিল্পীদের আত্মসম্মানবোধের বিষয়টি তুলে ধরে জয় চৌধুরী বলেন, করোনাসহ বিভিন্ন প্রতিকূল সময়ে চলচ্চিত্র অঙ্গনের সংকটে অনেককে পাশে পাওয়া যায়নি। সে সময় তাঁরা নিজেদের মতো করে কাজ করেছেন। এখন কেউ এসে শিল্পীদের নির্দেশ দেবেন, সেটি গ্রহণযোগ্য নয়। শিল্পীরা কারও কাছে নিজেদের আত্মসম্মান বিকিয়ে দেননি বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে হেলাল খানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন জয়। তবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ ১৯টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জয় চৌধুরী। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান। হেলাল খানের নেতৃত্বাধীন ওই প্ল্যাটফর্মে কাজ করতে তাঁর অনীহার কথাও স্পষ্ট করেছেন এই চিত্রনায়ক।
তবে এ বিষয়ে হেলাল খানের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা গেলে তা পরবর্তী প্রতিবেদনে যুক্ত করা হবে।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
হেলাল খানের আচরণে ক্ষুব্ধ জয় চৌধুরী
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
হেলাল খানের আচরণে ক্ষুব্ধ জয় চৌধুরী
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে