দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ১৮ নভেম্বর, ২০২৬, ০৭:২০ এএম
বিশ্বে প্রথম আইনি অধিকার পেল হুলবিহীন মৌমাছি
বিশ্বে প্রথমবারের মতো কোনো কীটপতঙ্গকে আইনি অধিকার দেওয়ার ঘটনা ঘটেছে পেরুতে। দেশটির আমাজন অঞ্চলের স্থানীয় হুলবিহীন মৌমাছিকে (স্টিংলেস বি) এ স্বীকৃতি দিয়েছে দুটি পৌর প্রশাসন। এর ফলে অস্তিত্ব রক্ষা, বংশবিস্তার, সুস্থ পরিবেশে বসবাস এবং আইনি প্রতিনিধিত্ব পাওয়ার অধিকার পেয়েছে ক্ষুদ্র এই প্রাণী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে পেরুর সাতিপো ও নাউতা পৌর প্রশাসন পৃথকভাবে মৌমাছির অধিকারসংক্রান্ত ঘোষণা অনুমোদন করে। পরবর্তী সময়ে কুসকো অঞ্চলের পিচারি ও ইউনিয়ন আশানিঙ্কা পৌরসভাও একই ধরনের আইনি উদ্যোগ গ্রহণ করে।
পেরুর আমাজন অঞ্চলে হুলবিহীন মৌমাছির ১৭৫টিরও বেশি প্রজাতি রয়েছে। এসব মৌমাছি বনাঞ্চলের গাছপালা ও উদ্ভিদের পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বন উজাড়, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের কারণে তাদের আবাসস্থল ও অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।
এই উদ্যোগের অন্যতম উদ্যোক্তা রোজা ভাসকেজ এসপিনোজা। তিনি একজন কেমিক্যাল বায়োলজিস্ট এবং পরিবেশবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান আমাজন রিসার্চ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা। ২০২০ সালে হুলবিহীন মৌমাছি নিয়ে গবেষণা শুরু করেন তিনি। গবেষণার একপর্যায়ে এসব মৌমাছির জন্য আইনি সুরক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের রোলেক্স অ্যাওয়ার্ডসেও স্বীকৃতি পেয়েছেন তিনি।
এসপিনোজার ভাষ্য, গবেষণা করতে গিয়ে তাঁরা দেখতে পান, পেরুর স্থানীয় প্রজাতি হওয়া সত্ত্বেও প্রচলিত আইনে হুলবিহীন মৌমাছির সুরক্ষার বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা ছিল না। ফলে তাদের অস্তিত্ব বা আবাসস্থল বিপন্ন হলে আইনি প্রতিকার পাওয়ার সুযোগও সীমিত ছিল। এ পরিস্থিতিতে মৌমাছির অধিকার প্রতিষ্ঠায় মানুষের পক্ষ থেকেই উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন গবেষকেরা।
নাম হুলবিহীন হলেও প্রকৃতপক্ষে এসব মৌমাছির শরীরে হুল রয়েছে। তবে তা এতটাই ছোট বা অকার্যকর যে আত্মরক্ষার কাজে ব্যবহার করতে পারে না তারা। বিপদের আশঙ্কা দেখা দিলে কোনো কোনো প্রজাতি বাসা রক্ষায় দলবদ্ধভাবে গুঞ্জন সৃষ্টি করে। আবার কিছু প্রজাতি কামড় দিয়ে প্রতিরোধের চেষ্টা করে। সাধারণত গাছের কোটর, মাটির নিচে কিংবা বিভিন্ন ফাঁকা জায়গায় বাসা বাঁধে এসব মৌমাছি।
মৌমাছির অধিকারসংক্রান্ত ঘোষণাটি তৈরিতে আমাজন রিসার্চ ইন্টারন্যাশনালের পাশাপাশি কাজ করেছে আন্তর্জাতিক পরিবেশ আইনবিষয়ক সংগঠন আর্থ ল সেন্টার এবং আদিবাসীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ইকোআশানিঙ্কা। এ উদ্যোগে আশানিঙ্কা জনগোষ্ঠী ও স্থানীয় মৌমাছি পালনকারীরাও যুক্ত ছিলেন।
উদ্যোক্তাদের মতে, এ উদ্যোগের বিশেষ দিক হলো বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে স্থানীয় আদিবাসীদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ঐতিহ্যবাহী জ্ঞানকে যুক্ত করা। আশানিঙ্কা জনগোষ্ঠী বহু বছর ধরে এসব মৌমাছির সঙ্গে বসবাস করছে। তাদের কাছে মৌমাছি শুধু পরিবেশের অংশ নয়, খাদ্য উৎপাদন ও ঐতিহ্যবাহী চিকিৎসার সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। বিভিন্ন উদ্ভিদের পরাগায়নে ভূমিকা রাখার পাশাপাশি এসব মৌমাছির মধু স্থানীয় চিকিৎসায়ও ব্যবহৃত হয়।
তবে আইনি স্বীকৃতি পেলেও মৌমাছির অধিকার বাস্তবায়নের বিষয়ে বেশ কিছু কাজ এখনো বাকি। অধিকার লঙ্ঘনের ঘটনা কীভাবে শনাক্ত করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা নির্ধারণের কাজ চলছে। বিশেষ করে মৌমাছির বাসা থাকা গাছ কেটে ফেলা কিংবা তাদের আবাসস্থল ধ্বংসের ঘটনায় কী শাস্তি দেওয়া হবে, তা নিয়ে আলোচনা হচ্ছে। প্রয়োজনীয় বিধিমালা চূড়ান্ত করার কাজও চলছে।
এখন পর্যন্ত মৌমাছির অধিকার লঙ্ঘন নিয়ে কোনো মামলা হয়নি। তবে সংরক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, বিদ্যালয়ের পাঠ্যক্রমে মৌমাছি সংরক্ষণের বিষয় অন্তর্ভুক্ত করা এবং আদিবাসীদের অর্থনৈতিক উন্নয়নে স্থানীয় বাজার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এসপিনোজা জানিয়েছেন, ছয়টি মহাদেশের ১৪টি দেশের বিভিন্ন সংগঠনও নিজ নিজ অঞ্চলের মৌমাছি রক্ষায় পেরুর মতো আইনি ব্যবস্থা নেওয়ার আগ্রহ দেখিয়েছে। তাঁর মতে, এই স্বীকৃতি শুধু মৌমাছির অধিকার প্রতিষ্ঠার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং জীববৈচিত্র্য রক্ষায় নতুন ধরনের চিন্তা ও উদ্যোগের পথ তৈরি করেছে।
সূত্র: সিএনএন,
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
বিশ্বে প্রথম আইনি অধিকার পেল হুলবিহীন মৌমাছি
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
বিশ্বে প্রথম আইনি অধিকার পেল হুলবিহীন মৌমাছি
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে