আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬, ০৭:০০ পিএম
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ
পঠিত: ২৯ বার

এক ভাইয়ের জানাজার প্রস্তুতির মধ্যেই খবর এলো আরেক ভাইয়ের মৃত্যুর

এক ভাইয়ের জানাজার প্রস্তুতির মধ্যেই খবর এলো আরেক ভাইয়ের মৃত্যুর
ছবি : সংগৃহীত

এক ভাইয়ের জানাজার প্রস্তুতি চলছিল। স্বজনেরা শেষ বিদায়ের আয়োজন করছিলেন। ঠিক সেই সময় হাসপাতালে চিকিৎসাধীন আরেক ভাইয়ের মৃত্যুর খবর আসে। কক্সবাজারের চকরিয়ায় কয়লার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছে একই পরিবারের দুই কিশোর ভাই ওমর ফারুক (১৩) ও মোহাম্মদ আবদুল্লাহ (১৪)। দুজনই পবিত্র কোরআনের হাফেজ ছিলেন। পরে পাশাপাশি কবরে দাফন করা হয় তাদের।

সোমবার (১৬ নভেম্বর) রাতে চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে ঘুমানোর আগে স্টিলের বাটিতে কয়লা জ্বালিয়ে পাঞ্জাবি ইস্তিরি করেছিল দুই ভাই। পরদিন স্থানীয় বহদ্দারকাটা এলাকায় একটি মাহফিলে যাওয়ার কথা ছিল তাদের। ইস্তিরির পর কয়লার আগুন পুরোপুরি না নেভানোয় সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই ভাই একই বিছানায় পাশাপাশি ঘুমিয়ে ছিল। ইস্তিরির জন্য জ্বালানো কয়লার আগুন থেকে কাপড় কিংবা কম্বলে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তাদের থাকার ঘরে। এতে টিনের বেড়া ও চালার ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে দগ্ধ অবস্থায় স্থানীয় বাসিন্দারা দুই ভাইকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই ওমর ফারুকের মৃত্যু হয়। রাত আটটার দিকে গ্রামের মসজিদের মাঠে তার জানাজার প্রস্তুতি চলছিল। ঠিক তখনই বড় ভাই আবদুল্লাহর মৃত্যুর খবর আসে।

রাত নয়টার দিকে ওমর ফারুকের দাফন সম্পন্ন হয়। এরপর স্বজনেরা হাসপাতালে ছুটে যান বড় ভাইয়ের মরদেহ আনতে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় আবদুল্লাহর জানাজা অনুষ্ঠিত হয়। পরে করাইয়াঘোনা মসজিদ কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় দুই ভাইকে।

করাইয়াঘোনা এলাকায় রেললাইনের পাশে থাকা টিনের বেড়া ও চালার ছোট ঘরটি আগুনে পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির পাশের জায়গাটি খোলা থাকায় বাতাসে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

প্রতিবেশী জাফর আলম জানান, বাড়িটিতে বিদ্যুতের সংযোগ ছিল না। টিনের চালায় ছিদ্র থাকায় বৃষ্টি ঠেকাতে পলিথিন দিয়ে ছাউনি দেওয়া হয়েছিল। তাঁর ধারণা, পলিথিনের কারণেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশের বাড়িতে থাকায় তিনিই প্রথম উদ্ধারকাজে এগিয়ে যান। একটি ছেলেকে কোলে করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তিনি।

জাফর আলম বলেন, ‘একটি ছেলেকে যখন কোলে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম, তখন তার শরীরের পোড়া চামড়া আমার কাপড়ে লেগে গিয়েছিল। তখন খুব কষ্ট লাগছিল। তীব্র যন্ত্রণা সয়ে ছেলে দুটি মারা গেল।’

মঙ্গলবার সকালে দুই কিশোরের বাবা ফজলে কাদেরের সঙ্গে কথা হয়। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, ঘটনার রাতে তিনি বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রীও অসুস্থ। ছেলেরা নিজেরাই স্টিলের বাটিতে কয়লা জ্বালিয়ে পাঞ্জাবি ইস্তিরি করেছিল। অসতর্কতাবশত কয়লার আগুন পুরোপুরি না নিভিয়ে ঘুমিয়ে পড়ে তারা। পরে মশারি, কম্বল কিংবা অন্য কোনো কাপড়ে আগুন লেগে যায়। এতে পুরো ঘর পুড়ে যায়।

ফজলে কাদের বলেন, ‘আমার চার ছেলে। তাদের মধ্যে দুজন হাফেজ হয়েছে। বাকি দুজন এখনো ছোট। আমার দুঃখ ঘোচার সময় তারা চলে গেল। আমার কত দুর্ভাগ্য, এক ছেলের জানাজার প্রস্তুতির সময় আরেক ছেলের মৃত্যুর খবর শুনেছি। আমি বেঁচে আছি, এটাই বড় মিরাকল।’

তিনি আরও জানান, দুই ছেলেকে নিয়ে তাঁদের অনেক স্বপ্ন ছিল। বড় হয়ে তারা ধর্মীয় শিক্ষায় আরও এগিয়ে যাবে, এমনটাই চেয়েছিলেন মা-বাবা।

দুই ছেলের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন মা আরেফা সিদ্দিকা। বাড়ির একটি ঘরে বসে বুক চাপড়ে কাঁদছিলেন তিনি।

স্থানীয় বাসিন্দা ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষক আসমা উল হোসনা বলেন, ফজলে কাদেরের পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল। তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন। সেই আয় দিয়েই ছয় সদস্যের সংসার চলত। রেললাইনের পাশে খাসজমিতে ঘর তৈরি করে বসবাস করতেন তাঁরা। একটি দুর্ঘটনায় পরিবারটির সবকিছু শেষ হয়ে গেছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীন দেলোয়ার বলেন, কয়লার আগুন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে পরিবারটিকে কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আরও সহায়তা দেওয়ার চেষ্টা চলছে। সূত্র: টাইমস টুুডে

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

এক ভাইয়ের জানাজার প্রস্তুতির মধ্যেই খবর এলো আরেক ভাইয়ের মৃত্যুর

এক ভাইয়ের জানাজার প্রস্তুতির মধ্যেই খবর এলো আরেক ভাইয়ের মৃত্যুর

0:00 0:00